কক্সবাজারের কথা বলে নিয়ে আসা হয় আনোয়ারায়, যুবলীগের ব্যানার নিয়ে শিশু-কিশোরসহ গ্রেপ্তার ২৩

‘বড় ভাই’রা কক্সবাজারে ভ্রমণে নিয়ে যাওয়ার কথা বলে দুটি মাইক্রোবাসে তুলে বিভিন্ন বয়সের ২৩ শিশু-কিশোরকে নিয়ে আসে চট্টগ্রামের আনোয়ারায়। এ সময় মিছিলের প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে আনোয়ারা থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে। রবিবার (৩০ আগস্ট) সকাল সাড় ৮টায় উপজেলার পিএবি সড়কের বারখাইন শোলকাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৮ জন শিশু রয়েছে, যাদের বয়স ১৫ বছর। থানা-পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিসহ ৫৪ জনের নাম উল্লেখ এবং আরও ১৫ থেকে ১৬ জনকে অজ্ঞাত আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। পরে রবিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ জেলা যুবলীগ নেতা শহিদুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা সাজ্জাদ ও কে এম পারভেজ উদ্দিনের নেতৃত্বে বাঁশখালী থেকে দুটি মাইক্রোবাসে করে কক্সবাজারে ভ্রমণের কথা বলে তাদের আনোয়ারায় নিয়ে আসা হয়। এ সময় মিছিলের প্রস্তুতিকালে পুলিশ ২৩ জনকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, পলাতক আসামিদের মদদ, অর্থায়ন ও নির্দেশনায় কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, রড ও ইটের টুকরো নিয়ে ঘটনাস্থলে সমবেত হয়ে সংঘাতময় ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, জনমনে আতঙ্ক এবং নাশকতার উদ্দেশ্যে রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়ার বিষয়টি তারা স্বীকার করেছেন।
আনোয়ারা থানার ওসি জুনাইত চৌধুরী বলেন, “গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল। তাদের মধ্যে অধিকাংশই শিশু-কিশোর। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের যাচাই-বাছাই করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।”









