ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি। ঐকমত্যের ভিত্তিতে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, তা আমরা অক্ষরে অক্ষরে প্রতিটি প্রস্তাব বাস্তবায়ন করব। জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। যেটি জাতীয়ভাবে ঐকমত্য হবে, সেই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। যা ঐকমত্য হয়েছে, সে বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে ওলামা মাশায়েখ সম্মেলন ও পেকুয়া উপজেলা তানজিমে আহলে হক পরিচালিত বার্ষিক মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য; মানুষের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও দেশের মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য। এগুলো করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐকমত্যের ভিত্তিতে কিছু সংস্কারের প্রস্তাব আমরা করেছি। জাতীয়ভাবে সেগুলো আমরা প্রতিপালন করব।
কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক আলী হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো 'বিসমিল্লাহ...' সংযোজন এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করেছিলেন তা আপনারা জানেন, যা আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার বিলুপ্ত করে দিয়েছিল। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তাহলে সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনরায় সংযোজন করব, ইনশাআল্লাহ।
কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লাহ গনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা ইয়াছিন সোলতানী, বদরখালী মদিনাতুল মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান, আশরাফুল মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদুল্লাহসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সভাপতির বক্তব্যে জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব আলী হাসান চৌধুরী বলেন, সালাহউদ্দিন আহমদ ইসলামের মূলনীতি সামনে রেখে এগোচ্ছেন। তাঁর প্রতিটি বক্তব্যে তা স্পষ্ট। তিনি সবসময় আলেম-ওলামাদের পাশে থাকবেন বলে অঙ্গীকারবদ্ধ। সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা তাঁকে এগিয়ে নিয়ে যাব।







