একনেকে ১৬ প্রকল্প অনুমোদন, ৪টিই জনপ্রশাসন প্রতিমন্ত্রীর জেলায়

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা। প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৪টি এবং সংশোধিত প্রকল্প ২টি। তবে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে এককভাবে সর্বোচ্চ চারটি প্রকল্পই নেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর নিজ জেলা জয়পুরহাটের জন্য। এই চার প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৮৯ কোটি ৬৭ লাখ টাকা।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত ১৬টি প্রকল্পের মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি। মন্ত্রণালয়ভিত্তিক হিসাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সর্বোচ্চ সাতটি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, জয়পুরহাট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীর জেলা জয়পুরহাটের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে চারটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ নতুন প্রকল্প হিসেবে ১ হাজার ৯৩৭ কোটি টাকা ব্যয়ে ‘মোকামতলা-কালাই-জয়পুরহাট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি অর্থায়নে চলতি বছরের নভেম্বর থেকে ২০৩০ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
এ ছাড়া ‘জয়পুরহাট সড়ক বিভাগাধীন ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ শীর্ষক আরেকটি প্রকল্প অনুমোদন পেয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ৪৭২ কোটি ৩৬ লাখ টাকা। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর মেয়াদে এটি বাস্তবায়িত হবে। পাশাপাশি ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ‘জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন)’ অনুমোদন দেওয়া হয়েছে, যা ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের ডিসেম্বর নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। এর বাইরে ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন’ প্রকল্পটিও অনুমোদন পেয়েছে। ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে সারা দেশেই সড়ক অবকাঠামোর বেহাল দশা বিরাজ করছে। তা সত্ত্বেও একটি নির্দিষ্ট জেলাকেই এতটা গুরুত্ব দিয়ে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, প্রভাবশালী মন্ত্রী ও আমলাদের নিজ এলাকায় প্রকল্প নেওয়ার প্রবণতা আগেও ছিল। বিগত সরকারের আমলে প্রতি একনেক সভায় সাবেক পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার নিজ জেলা কুমিল্লায় এবং সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জে প্রকল্প অনুমোদনে অগ্রাধিকার দিতেন। একইভাবে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের নিজ জেলা মেহেরপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর রেলপথসহ একাধিক প্রকল্প অনুমোদন পেয়েছিল। এ ছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের আগ্রহে আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতু প্রকল্প অনুমোদন পায়। অন্যদিকে, গত আওয়ামী লীগ সরকারের শেষ একনেক সভায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের এলাকায় ৪ হাজার ১৭৪ কোটি টাকা ব্যয়ে মেঘনা-ধনাগোদা নদীর ওপর ঝুলন্ত সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হলেও পরবর্তী সময়ে তা বাতিল করা হয়।
অনুমোদিত ১৬টি প্রকল্প হচ্ছে—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৭টি প্রকল্প-উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প। জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন)। ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এফআরডিআইআরআইডিপি)। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসএসএমএইচআরআইআইপি)। বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় (২য় সংশোধন)। দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্প (ফেজ-১)।
পানিসম্পদ মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প হচ্ছে, দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি প্রকল্প। জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদ এবং জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্প। সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন হতে বরিশাল জেলার বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা কাজ (১ম পর্যায়) প্রকল্প। মেট্রো ঢাকা প্রকল্প—গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প (১ম পর্যায়)।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ২টি প্রকল্প হচ্ছে, জয়পুরহাট সড়ক বিভাগাধীন ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প। মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক (আর-৫৫০) চার লেনে উন্নীতকরণ (সার্ভিস লেনসহ) প্রকল্প।
অন্যান্য মন্ত্রণালয় ও কার্যালয়ের ৩টি প্রকল্প হচ্ছে-কৃষি মন্ত্রণালয়ের ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (অংশ-১)’।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘ঢাকাস্থ ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ’ প্রকল্প। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা এলাকায় অফিসারদের আবাসিক সমস্যা নিরসনকল্পে অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্প।
এ ছাড়া সভায় পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১৪টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এর মধ্যে কুমিল্লার মুরাদনগরে আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, জগন্নাথপুর ও মোহনগঞ্জে দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন, মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা, রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন, ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ এবং দেশের দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণ প্রকল্প অন্যতম।











