ঈদগাঁওতে উৎসবমুখর পরিবেশে দৈনিক সাঙ্গুর রজতজয়ন্তী উদ্যাপন

কক্সবাজারের ঈদগাঁওতে নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহত্তর চট্টগ্রামের পাঠকপ্রিয় দৈনিক সাঙ্গুর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঈদগাঁও উপজেলা মিলনায়তনে কেক কাটা, গুণীজন সম্মাননা ও আলোচনা সভার মাধ্যমে রজতজয়ন্তীর এই উৎসব উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক সাঙ্গুর সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকী বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে সাঙ্গু বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাঠকদের আস্থা ধরে রেখেছে। সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গুর প্রতিনিধি মো. মিজানুর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সৈকত সম্পাদক মাহবুবুর রহমান। প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারী।
বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকতায় সাঙ্গু একটি মাইলফলক সৃষ্টি করেছে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সলিম উল্লাহ জিহাদি, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম এবং ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন।
ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি কাফি আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।







