আলীকদমের দুর্গম সীমান্ত পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

আলীকদমের দুর্গম সীমান্ত পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

আলীকদমের দুর্গম সীমান্ত পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা
ছবি সংগৃহীত।

পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সীমান্তবর্তী পাহাড়ভাঙ্গা এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত মুরং সম্প্রদায়ের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন।

রবিবার (২২ নভেম্বর) উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পাহাড়ভাঙ্গা এলাকায় আলীকদম জোন অধিনায়কের নির্দেশনায় দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন খন্দকার রায়হান আহমেদের নেতৃত্বে একটি মেডিকেল টিম এই সেবা দেয়। ক্যাম্পে ১১৮ জন শিশু ও ১৩৫ জন নারীসহ বিভিন্ন বয়সের চার শতাধিক মানুষকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি স্থানীয়দের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন বিষয়ে সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।

জানা গেছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তসংলগ্ন অত্যন্ত দুর্গম পাহাড়ভাঙ্গা এলাকার আশপাশের প্রায় ১৫টি মুরং পাড়ায় ১,০০০ থেকে ১,২০০ মানুষের বসবাস। অনুন্নত যোগাযোগব্যবস্থা, আর্থিক অসচ্ছলতা এবং নিকটবর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় এখানকার বাসিন্দাদের নিয়মিত চিকিৎসাসেবা পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য।

সম্প্রতি ওই অঞ্চলের নিরাপত্তা জোরদার ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে আলীকদম জোনের উদ্যোগে এলাকায় একটি নতুন সেনাক্যাম্প স্থাপন করা হয়েছে। ক্যাম্প স্থাপনের পর থেকেই স্থানীয়রা বিভিন্ন চিকিৎসা ও সহায়তার জন্য সেখানে আসতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় স্থানীয়দের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

দুর্গম পাহাড়ে চিকিৎসক ও ওষুধ পেয়ে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, নতুন সেনাক্যাম্প স্থাপনের পর এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতির পাশাপাশি তাঁদের দীর্ঘদিনের চিকিৎসাসংক্রান্ত ভোগান্তিও কমতে শুরু করেছে।

আলীকদম জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।




সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার বন্ধনে পাহাড়ি জনপদে বাংলাদেশ সেনাবাহিনী

সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার বন্ধনে পাহাড়ি জনপদে বাংলাদেশ সেনাবাহিনী
ছবি সংগৃহীত।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তরিক অংশগ্রহণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় থাইক্ষিয়ং পাড়ায় আয়োজিত ধর্মযাজকদের বার্ষিক মহাসম্মেলনে অংশ নিয়ে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্যের বন্ধন আরও জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী আয়োজিত এ মহাসম্মেলনে স্থানীয় ধর্মযাজক, খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য এবং পাড়াবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সম্মেলনের বিভিন্ন আয়োজনে স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে উপস্থিত ছিলেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মিরাজ আহমেদ ভূঁইয়া।

এ উপলক্ষে উপস্থিত শিশুদের মধ্যে চকলেট এবং সম্মেলনে অংশগ্রহণকারী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে মিষ্টান্ন ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও পাড়াবাসীর অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশনকারী স্থানীয় শিশু-কিশোর ও শিল্পীদের উৎসাহিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে—পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে ওঠে। এ লক্ষ্যকে সামনে রেখে দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের ধর্মীয় ও সামাজিক উৎসবে অংশগ্রহণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে সেনাবাহিনী।

তিনি আরও বলেন, পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যের সেতুবন্ধন অটুট রাখার পাশাপাশি শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।




আলীকদমে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

আলীকদমে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ছবি সংগৃহীত।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চলমান লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বান্দরবানের আলীকদমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

রোববার (২২ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরির নির্দেশনায় আলীকদম উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি আলীকদম চৌমুহনী চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সড়ক ও আলীকদম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

বান্দরবান জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য দেন।

সভায় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মং ক্যানু মার্মা ও আগস্টিন ত্রিপুরা, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আনছার আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. রিটন, মাস্টার মনজুরুল আলম, নুরুল ইসলাম মনু এবং নুরুল আমিন।

এ ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবুল বশর ও সদস্যসচিব সন্তোষ কান্তি দাস, কৃষক দলের সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, শ্রমিক দলের আহ্বায়ক মো. সুরুত আলম ও সদস্যসচিব নুরুল আফসার ছোটন, জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল, ওলামা দলের সভাপতি মাওলানা ফরিদুল আলম, তাঁতি দলের সভাপতি মো. মুসা এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন।

পাশাপাশি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল ইসলাম, মহিলা দলের নেত্রী রেহেনা বেগম, কহিনুর আক্তার ও পারভিন আক্তারসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তারা দেশব্যাপী চলমান জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।




আলীকদমে জুমে কাজ করার সময় বন্য শুকরের আক্রমণে আহত ৩, দুজন চট্টগ্রামে

আলীকদমে জুমে কাজ করার সময় বন্য শুকরের আক্রমণে আহত ৩, দুজন চট্টগ্রামে
ছবি সংগৃহীত।

বান্দরবানের আলীকদমে জুমে কাজ করার সময় বন্য শুকরের আক্রমণে তিন জুমচাষি আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চুংরুই পাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে এবং অপর একজন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

আহতরা হলেন চুংরুই পাড়ার মেনরাই ম্রোর ছেলে নিয়াচং ম্রো (৫৮), চংরুং ম্রোর ছেলে লুরিং ম্রো (২৮) এবং বাইহই ম্রোর ছেলে মেনরু ম্রো। স্থানীয় সূত্রে জানা গেছে, বন্য শুকরের আক্রমণে নিয়াচং ম্রোর বুকে গুরুতর জখম হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ওই তিনজন নিজেদের জুমে কাজ করছিলেন। এ সময় পাশের জঙ্গল থেকে হঠাৎ একটি বন্য শুকর এসে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করেন। পরে আহত দুজনকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অপর আহত ব্যক্তিকে উপজেলা সদরে না এনে পাশের ভোলাইপাড়া ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের ভাতিজা জংরাই ম্রো জানান, বন্য শুকরের আক্রমণের খবর পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী দ্রুত তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। গুরুতর আহত দুজনকে ইতিমধ্যে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোস্তাফিজুর রহমান মিশকাত বলেন, বন্য শুকরের আক্রমণে আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি চাকনাও ম্রো বলেন, জুমচাষ করতে গিয়ে হঠাৎ বন্য শুকরের হামলার শিকার হয়ে তিনজন আহত হয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। তবে আহতদের পরিবারকে স্থানীয়ভাবে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

এদিকে খবর পেয়ে আহতদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্থানীয় এনজিওকর্মী মাংপা ম্রো। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তিনি বলেন, পাহাড়ে বন্য প্রাণীর আক্রমণে সাধারণ মানুষের আহত হওয়ার ঘটনা উদ্বেগজনক। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সবার এগিয়ে আসা উচিত।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আলীকদম সদর ইউনিয়ন বিএনপির সদ্য বিদায়ী সভাপতি আবুল কালাম বলেন, পাহাড়ি জনপদের মানুষের জীবন-জীবিকা প্রকৃতির ওপর নির্ভরশীল। জীবিকার তাগিদে জুমে কাজ করতে গিয়ে বন্য প্রাণীর আক্রমণে তিনজনের আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। দুর্গম এলাকাগুলোতে জরুরি চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।