আবাসন খাতে রাজনৈতিক প্রভাব ও যোগসাজশে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র : টিআইবি
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

আবাসন খাতে রাজনৈতিক প্রভাব ও যোগসাজশে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র : টিআইবি

আবাসন খাতে রাজনৈতিক প্রভাব ও যোগসাজশে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র : টিআইবি
ছবি সংগৃহীত।

রাজনৈতিক প্রভাব, মধ্যস্বত্বভোগী এবং প্রশাসনের একাংশের যোগসাজশে বেসরকারি আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, এই গোষ্ঠীগুলো শুধু ব্যবসায়িক কার্যক্রমেই প্রভাব বিস্তার করছে না, নীতিনির্ধারণী কাঠামোকেও প্রভাবিত করছে। ফলে আবাসন খাতে দুর্নীতি, অনিয়ম, জবরদখল ও প্রতারণা বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ জমি ও প্লটের ক্রেতারা।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ড. ইফতেখারুজ্জামান।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আবাসনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে রাষ্ট্র ব্যর্থ হওয়ায় বেসরকারি আবাসন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাগরিকের আশ্রয় ও আবাসনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু রাষ্ট্র এককভাবে এই চাহিদা পূরণ করতে পারেনি। ফলে তৈরি হওয়া শূন্যস্থান পূরণে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে এসেছেন। অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতেও এ খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতীয় অর্থনীতিতে আবাসন খাতের অবদান প্রায় ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা। তবে ইতিবাচক অবদানের পাশাপাশি এ খাতের একাংশে দুর্নীতি, অনিয়ম, হয়রানি, জবরদখল ও অর্থ আত্মসাতের ঘটনাও রয়েছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, টিআইবির গবেষণায় রিয়েল এস্টেট খাতের সুশাসনের ছয়টি নির্দেশক—আইনের শাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যকারিতা, স্বচ্ছতা, অংশগ্রহণ ও অংশীজনদের সম্পৃক্ততা, জবাবদিহি এবং দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ—প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক ঘাটতি পাওয়া গেছে। কিছু প্রতিষ্ঠান আইএসও বা লিড সনদপ্রাপ্ত হওয়ার দাবি করলেও সামগ্রিকভাবে আইনের যথাযথ প্রয়োগ, তথ্য প্রকাশ, স্বচ্ছতা ও জবাবদিহির অভাব রয়েছে। তবে এসব ঘাটতি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়।

তিনি বলেন, রিয়েল এস্টেট খাত নিয়ন্ত্রণে আইন থাকলেও সেগুলোর মধ্যে ঘাটতি রয়েছে। আবার বিদ্যমান আইনেরও যথাযথ প্রয়োগ হচ্ছে না। আইনের দুর্বলতা ও প্রয়োগের ঘাটতির সুযোগে প্রতিষ্ঠানগুলোর একটি অংশ অনিয়ন্ত্রিত ও জবাবদিহিহীনভাবে ব্যবসা পরিচালনা করছে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী সংস্থা, প্রশাসনের একাংশ এবং ইউটিলিটি কর্তৃপক্ষের মধ্যেও স্বচ্ছতা, সক্ষমতা ও সদিচ্ছার অভাব রয়েছে। কোথাও কোথাও সংশ্লিষ্ট পক্ষগুলোর যোগসাজশে অনিয়ম ও প্রতারণা সংঘটিত হচ্ছে।

প্রকল্পের স্থান নির্বাচন, জমি নির্ধারণ ও ক্রয়, জমি দখল, প্রকল্পের অনুমোদন, বাস্তবায়ন এবং প্লট হস্তান্তর—পুরো প্রক্রিয়ায় পদ্ধতিগত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত পাওয়া গেছে বলে জানান ড. ইফতেখারুজ্জামান। তার ভাষ্য, এসব অনিয়ম অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। ফলে সাধারণ ক্রেতারা কার্যত আবাসন প্রতিষ্ঠানগুলোর কাছে জিম্মি হয়ে পড়ছেন। জমির মালিক ও প্লট কিনতে আগ্রহী ব্যক্তিদের অধিকারও বিভিন্নভাবে ক্ষুণ্ন হচ্ছে।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, রাজনৈতিক ছত্রচ্ছায়া, মধ্যস্বত্বভোগী এবং ভূমি দখলকেন্দ্রিক স্বার্থান্বেষী গোষ্ঠীর সঙ্গে প্রশাসনের একটি অংশের যোগসাজশে মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে। এসব গোষ্ঠী নীতিনির্ধারণী কাঠামোয় প্রভাব বিস্তার করছে। কালো টাকা বৈধ করার সুযোগ সৃষ্টিতেও রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের প্রভাবশালী অংশের ভূমিকা রয়েছে বলে গবেষণায় উঠে এসেছে।

ঢাকাকে কংক্রিটের শহরে পরিণত করার পেছনে আবাসন খাতের একাংশের জবাবদিহিহীনতা, অনিয়ম ও প্রতারণামূলক ব্যবসার ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এর ফলে পরিবেশ সুরক্ষা, পরিকল্পিত নগরায়ণ ও টেকসই উন্নয়নের প্রত্যাশা ব্যাহত হচ্ছে। কিছু প্রভাবশালী প্রতিষ্ঠান নিজেদের স্বার্থে গণমাধ্যমকে ব্যবহারের চেষ্টা করছে বলেও গবেষণায় দৃষ্টান্ত পাওয়া গেছে। তবে গণমাধ্যমের সবাই এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির গবেষক অতানু দাস। তিনি জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহ করে গবেষণাটি সম্পন্ন হয়েছে। এতে রিয়েল এস্টেট কোম্পানি, প্লটের ক্রেতা ও মালিক, সাবেক প্লট মালিক, ভূমি বিক্রেতা এবং সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে। ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনে নিবন্ধিত ৩৫০টির বেশি প্রতিষ্ঠানের মধ্য থেকে ৫০টি প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ২০টি প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য নেওয়া সম্ভব হয়েছে।

অতানু দাস বলেন, এই গবেষণা পুরো আবাসন খাত নিয়ে নয়; শুধু ঢাকা শহরে ভূমি উন্নয়ন কার্যক্রমে নিয়োজিত বেসরকারি আবাসন প্রতিষ্ঠানগুলোর সুশাসনসংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হয়েছে। গ্রাহক হয়রানি, দুর্নীতি, অনিয়ম, জবরদখল ও অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘদিনের হলেও সুশাসনের দৃষ্টিকোণ থেকে এ বিষয়ে আগে এ ধরনের সমন্বিত গবেষণা হয়নি।

গবেষণায় সুশাসন নিশ্চিত করতে ১৩ দফা সুপারিশ করেছে টিআইবি। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার ঘাটতি দূর করে প্রয়োজনীয় সংশোধন এবং আইন প্রয়োগ নিশ্চিত করা। রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং সংশ্লিষ্ট বিধিমালা আরও কার্যকরভাবে সংশোধনের পাশাপাশি এ প্রক্রিয়ায় জনগণ ও অংশীজনদের সম্পৃক্ত করার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া রাজউক, সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় প্ল্যাটফর্ম গঠনের কথা বলা হয়েছে। পাশাপাশি স্বাধীন তদারকি কাঠামো এবং অভিযোগ নিষ্পত্তির জন্য জাতীয় পর্যায়ের নিরপেক্ষ কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করেছে টিআইবি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, আবাসন খাতে নৈতিক আচরণবিধি প্রণয়নও জরুরি। আন্তর্জাতিক মানদণ্ড ও বিভিন্ন দেশের উত্তম চর্চা অনুসরণ করে এ আচরণবিধি তৈরি এবং বাস্তবায়নের জন্য স্বাধীন কর্তৃপক্ষ গঠন করতে হবে। সরকারের নেতৃত্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ ও অংশীজনদের নিয়ে এ উদ্যোগ নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে টিআইবি প্রস্তুত রয়েছে। 




সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদেশে পলাতক পার্টি দেশে লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে’

‘বিদেশে পলাতক পার্টি দেশে লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে’
ছবি সংগৃহীত।

পলাতক আওয়ামী লীগ এদেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের বিপদের মুখে ফেলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বুঝে হোক বা না বুঝে হোক, তাদের প্রতারণা ও ফাঁদে পা দিচ্ছে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগের নেতারা প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টাকে সরকার কীভাবে দেখছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পার্শ্ববর্তী দেশের বিষয় যেটা বললেন সেটা আমরা ডিপ্লোমেটিক্যালি হ্যান্ডেল করছি।’

ইন্দোনেশিয়ায় বিস্ফোরক বোঝাই জাহাজ আটক করা এবং সেটি মোংলা বন্দরে আসার কথা ছিল কি না, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টা আমার জ্ঞানে নেই। বিষয়টা আমি এখনো জানি না, আপনার কাছে নতুন শুনলাম।’

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি কোনো বাধা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আইনি কোনো বাধা বলতে বিষয়টা ওইভাবে নয়। আমরা দুই দেশের মধ্যে সাইনড এক্সট্রাডিশন ট্রিটি অনুসারে পলাতক আসামিকে, দণ্ডপ্রাপ্ত আসামিকে আমরা ফেরত চেয়েছি।'

তিনি বলেন, 'এরকম আরও আসামি যারা দণ্ডপ্রাপ্ত অথবা দণ্ডপ্রাপ্ত নয়, সেরকম ক্ষেত্রেও এক্সট্রাডিশন চুক্তিতে কভার করা আছে যে উভয় দেশের মধ্যে সেরকম ডিপ্লোমেটিক চ্যানেলে যদি চাওয়া হয় তারা সেটা ফেরত দেয়। এটা কিন্তু প্রচলিত আছে, এটা একটা রেগুলার প্রসেস। আমরাও দেই, সেই সমস্ত দেশ থেকেও আসামিদের প্রত্যর্পণ করায়।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আর অন্যান্য বিষয়গুলো হচ্ছে পতিত আওয়ামী শক্তি, পলাতক পার্টি এদেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে এবং তারা যেখানে এখানে সামাজিকভাবে, অঘোষিতভাবে রিকনসিলিয়েশন হয়ে গিয়েছিল, তাদের বরং বিপদের মুখোমুখি করছে। তারা বুঝে হোক না বুঝে হোক তাদের সে সমস্ত প্রতারণা এবং ফাঁদে পা দিচ্ছে। আশা করি দেশের জনগণ বুঝবে এবং তারাও বুঝবে যে পলাতক পার্টি যেন লুকায়িত পার্টিকে উত্তেজিত না করে।'

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সর্বসম্মতিক্রমে একসঙ্গে বসার পরিকল্পনা করছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'এগুলো পরের আলোচনা, আমার সঙ্গে তো বৈঠক হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির কয়েকজন নেতা সাক্ষাৎ করেছেন, তারা সাক্ষাৎকার চেয়েছিলেন করেছেন। আর জোটগতভাবে অন্যান্য দলের সঙ্গে আমাদের আলাপ আলোচনা পরিকল্পনা রয়েছে, সেটা আপনারা জানতে পারবেন।'




নির্বাচন কমিশনের ব্রিফিং

ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল
ছবি সংগৃহীত।

দেশের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার রয়েছেন ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এছাড়া দেশে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

সিনিয়র সচিব জানান, গত ৩১ আগস্ট কমিশন যে ভোটার সংখ্যা জানিয়েছিল, তার তুলনায় আজকের তারিখ পর্যন্ত দেশে মোট ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এই হালনাগাদ ভোটার তালিকা দিয়েই আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন করা হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচিও জানিয়েছেন আখতার আহমেদ। তিনি জানান, ইউপি নির্বাচন নিয়ে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। এই সংলাপে অংশ নেওয়ার জন্য মোট ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে উল্লেখ করেন ইসি সচিব।




সাত জেলায় নতুন পুলিশ সুপার

সাত জেলায় নতুন পুলিশ সুপার
ছবি সংগৃহীত।

দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে, লালমনিরহাটের পুলিশ সুপার করা হয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে, নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে, খুলনার পুলিশ সুপার করা হয়েছে এপিবিএন-এর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে, ফেনীর পুলিশ সুপার করা হয়েছে গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দীনকে, গাইবান্ধার পুলিশ সুপার করা হয়েছে এসআরইউ-এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে এবং নওগাঁর পুলিশ সুপার করা হয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে।

এছাড়া পুলিশের আরও ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।