আনোয়ারায় নিজ উদ্যোগে সড়ক সংস্কার করলেন জাহেদ

আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছমদিয়া এলাকা থেকে কানুমাঝির হাট এবং ছমদিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে বরুমচড়া গাউছিয়া মঈনুল উলুম দাখিল মাদ্রাসা পর্যন্ত সড়কের বেহাল অবস্থা থেকে স্থানীয়দের পরিত্রাণ দিতে নিজ উদ্যোগে সংস্কারকাজে হাত দিয়েছেন বরুমচড়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও তরুণ সমাজসেবক মুহাম্মদ জাহেদ উল ইসলাম। সোমবার সকাল থেকে তিনি লোকজন নিয়ে নিজ অর্থায়নে সড়কগুলো সংস্কার করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক তানভীর ফয়সাল, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ আবিদ, মোহাম্মদ সেলিম, ওসমান, জাহাঙ্গীর আলম ও তাজিম।
স্থানীয়রা জানান, বরুমচড়ার ছমদিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে কানুমাঝির হাট এলাকা ও গাউছিয়া মঈনুল উলুম দাখিল মাদ্রাসা পর্যন্ত সড়ক দুটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বেহাল হয়ে পড়েছিল। এলাকার প্রায় ১০ হাজার মানুষের চলাচলের এই সড়কে দীর্ঘদিন কোনো সংস্কারকাজ হয়নি। এই সড়ক দিয়ে চারটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চবিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অসুস্থ রোগী বহনকারী যানবাহনের চালক ও যাত্রীরা। এসব বিষয় বিবেচনা করে তরুণ সমাজসেবক মুহাম্মদ জাহেদ উল ইসলাম নিজ অর্থায়নে সড়ক সংস্কারের উদ্যোগ নেন।
মুহাম্মদ জাহেদ উল ইসলাম বলেন, “তরুণ সমাজকে যুক্ত করে আমরা আমাদের এলাকার উন্নয়ন নিশ্চিত করতে চাই। এই কার্যক্রমের মাধ্যমে তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা ও সহনশীলতার মানসিকতা গড়ে উঠবে। এলাকার নাগরিকেরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আমার এ ধরনের জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”











