আনোয়ারায় ইটবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত ৪

আনোয়ারায় ইটবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়কের কালাবিবির দিঘির মোড়ে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত ব্যক্তিরা হলেন— কার্তিক ধর (৩০), ইকন ধর (১৯), ইটান ধর (১০) এবং সিএনজি চালক টুন্টু জলদাশ (৩০)। তাঁদের মধ্যে ইকন ধর ও টুন্টু জলদাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিরা সবাই বাঁশখালী উপজেলার কালিপুর এলাকার বাসিন্দা এবং একই পরিবারের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চট্টগ্রাম থেকে দ্রুতগতিতে সিএনজি অটোরিকশাটি বাঁশখালীর দিকে যাচ্ছিল। অপরদিকে কালাবিবির দিঘির মোড়ের উত্তর পাশে ইটবাহী ডাম্পার মিনি ট্রাকটি ইউটার্ন নিতে গেলে সিএনজিটিকে ধাক্কা দিয়ে ১০০ হাত দূরে নিয়ে যায়। এতে সিএনজি অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ড. পায়েল জানান, দুর্ঘটনায় আহত ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং অপর ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী বলেন, "দুর্ঘটনাকবলিত ডাম্পার ট্রাক ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে দুর্ঘটনার পর ডাম্পার চালক পালিয়ে যায়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"









