আনোয়ারার মানুষের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখবে ইরা ক্লিনিক: সরওয়ার জামাল নিজাম
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

আনোয়ারার মানুষের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখবে ইরা ক্লিনিক: সরওয়ার জামাল নিজাম

আনোয়ারার মানুষের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখবে ইরা ক্লিনিক: সরওয়ার জামাল নিজাম
ছবি সংগৃহীত।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, “আনোয়ারা ও কর্ণফুলী অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে গ্রামের নারী ও সাধারণ মানুষ নানা সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাঁদের জন্য এলাকার কাছাকাছি উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।”

তিনি বলেন, “শুধু একটি ক্লিনিক প্রতিষ্ঠা করলেই হবে না, সেখানে আসা রোগীদের সঠিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। ডায়াগনস্টিক সেন্টারের যন্ত্রপাতি ও পরীক্ষার মান আন্তর্জাতিক মানের হওয়া প্রয়োজন। পাশাপাশি কর্মরত চিকিৎসকদের শিক্ষাগত যোগ্যতা, বিশেষজ্ঞ পরিচিতি এবং চেম্বারের সময়সূচি দৃশ্যমান স্থানে প্রদর্শনের আহ্বান জানান তিনি।”

শুক্রবার দুপুরে আনোয়ারা উপজেলার চাপাতলী ভোলাশাহ এলাকায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য নিজাম আরও বলেন, “ক্লিনিকটির সার্বিক কার্যক্রম ও যন্ত্রপাতির মান যাচাই করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রতিষ্ঠানটি পরিদর্শনের আমন্ত্রণ জানানো উচিত। প্রয়োজনীয় নিয়মকানুন ও মান নিশ্চিত করে দীর্ঘমেয়াদে মানুষের আস্থা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে হবে।”

তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ইরা ক্লিনিক যেন শুধু উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে আজীবন আনোয়ারা-কর্ণফুলীর মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করে। বিশেষ করে মা-বোনদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ড. আরমান আলীর সভাপতিত্বে এবং ইকবাল হায়দার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, আখতারুন্নবী চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, নুরুল ইসলাম মেম্বার, আবুল কালাম আবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে চট্টগ্রাম দক্ষিণে কিশোরকণ্ঠ বৃত্তি পরীক্ষা সম্পন্ন

সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে চট্টগ্রাম দক্ষিণে কিশোরকণ্ঠ বৃত্তি পরীক্ষা সম্পন্ন
ছবি সংগৃহীত।

মেধা, মনন ও নৈতিকতার সমন্বয়ে আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে চট্টগ্রাম জেলা দক্ষিণের উদ্যোগে ও কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’।

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম জেলা দক্ষিণের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পুরো পরীক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ডি.এম. আসহাব উদ্দিন এবং সহকারী পরিচালক হিসেবে ছিলেন জিল্লুর রহমান।

এর অংশ হিসেবে দক্ষিণ কাঞ্চনা নূর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্র সচিব মোহাম্মদ রাকিবুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং কেন্দ্র উপসচিব তারেকুল ইসলামের পরিচালনায় উক্ত কেন্দ্রের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

এবারের বৃত্তি পরীক্ষায় সাতকানিয়া উপজেলার ৩,৪২৭ জন, লোহাগাড়ার ২,৪২৩ জন এবং চন্দনাইশ উপজেলার ৪৫৫ জনসহ মোট সাড়ে ছয় হাজারেরও অধিক ছাত্র-ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে অভিভাবক দুলন কান্তি দাশ বলেন, “বর্তমান প্রতিযোগিতাপূর্ণ যুগে শিক্ষার্থীদের মেধা বিকাশের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা অত্যন্ত সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব ছিল। এ ধরনের পরীক্ষা আমাদের সন্তানদের ভেতর লুকিয়ে থাকা মেধা ও প্রতিযোগিতাপূর্ণ মনোভাব জাগিয়ে তুলতে দারুণ ভূমিকা রাখবে।”

আরেক অভিভাবক সেলিনা আকতার বলেন, “শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনা নয়, নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে কিশোরকণ্ঠের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। পরীক্ষাকেন্দ্রের সুন্দর পরিবেশ এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক আচরণ আমাদের মুগ্ধ করেছে। আমরা আশা করব, ভবিষ্যতেও এমন মননশীল কার্যক্রম অব্যাহত থাকবে।”

লোহাগাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান বলেন, “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের ভেতরে মেধা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে অসাধারণ ভূমিকা রাখছে। লোহাগাড়ার সুদূর গ্রামাঞ্চলের শিক্ষার্থীরাও এমন আয়োজনের মাধ্যমে নিজেদের যাচাই করার সুযোগ পাচ্ছে, যা তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে।”

চন্দনাইশ উপজেলার অভিভাবক প্রকৌশলী তৌহিদুল আলম জানান, “কেন্দ্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সুন্দর পরিবেশে পরীক্ষা আয়োজন প্রশংসনীয়। পাঠ্যবইয়ের বাইরে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের জন্য এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।”

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কক্ষ পরিদর্শক, শৃঙ্খলা বিভাগ, মিডিয়া বিভাগসহ দায়িত্বপ্রাপ্ত সকল স্বেচ্ছাসেবক ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের সম্মিলিত সহযোগিতায় পরীক্ষাটি সম্পূর্ণ নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষা সফল করায় সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, শিক্ষক, স্বেচ্ছাসেবক এবং অভিভাবকবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে আয়োজক কমিটি।

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার মোহাং আবদুল আজিজ দৈনিক সাঙ্গু-কে জানান, “শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি মেধা, সুপ্ত প্রতিভা ও সৎ চরিত্র গঠনে এ ধরনের প্রতিযোগিতামূলক মেধা পরীক্ষা অত্যন্ত প্রশংসনীয়। কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এই আয়োজন শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে ইতিবাচক চর্চা ও মেধা বিকাশে বিশেষ ভূমিকা রাখবে। সরকার ঘোষিত মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে এ জাতীয় ইতিবাচক প্রয়াসগুলোকে আমরা সাধুবাদ জানাই। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”

মেধা ও নৈতিকতার মেলবন্ধনে একটি আলোকিত ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনে কিশোরকণ্ঠের এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।




হাজী ফোরকানের সমৃদ্ধি ও সফলতা কামনা করলেন অবসরপ্রাপ্ত জজ সুকুমার বড়ুয়া

হাজী ফোরকানের সমৃদ্ধি ও সফলতা কামনা করলেন অবসরপ্রাপ্ত জজ সুকুমার বড়ুয়া
ছবি সংগৃহীত।

সাতকানিয়া উপজেলার ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ ফোরকান আজ শুক্রবার (৩০ অক্টোবর) ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, অবসরপ্রাপ্ত জজ সুকুমার বড়ুয়ার সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

এ সময় উভয় ব্যক্তিত্বের মধ্যে ঢেমশা ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন সামাজিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। আলাপচারিতায় ইউনিয়নের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎ শেষে অবসরপ্রাপ্ত জজ সুকুমার বড়ুয়া, হাজী মোহাম্মদ ফোরকানের সততা, সামাজিক অবদান ও জনকল্যাণমুখী মানসিকতার প্রশংসা করেন। তিনি হাজী মোহাম্মদ ফোরকানের আগামীর পথচলায় সাফল্য, সুস্বাস্থ্য ও সার্বিক সমৃদ্ধি কামনা করেন এবং তাঁকে শুভকামনা জানান।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।




আনোয়ারায় মাদকবিরোধী আন্তওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট শুরু

আনোয়ারায় মাদকবিরোধী আন্তওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট শুরু
ছবি সংগৃহীত।

যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলামুখী করার লক্ষ্যে আনোয়ারায় মাদকবিরোধী আন্তওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

স্থানীয় সমাজসেবক আরিফ মহিউদ্দিন সিকদারের পৃষ্ঠপোষকতায় ও বরুমচড়া যুবসমাজের আয়োজিত টুর্নামেন্টে সভাপতিত্ব করেন সমাজসেবক বদিউল আলম।

উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি ছিলেন বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জাফর-আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফ উদ্দিন সিকদার। ম্যাচের উদ্বোধন করেন হৃদরোগ বিশেষজ্ঞ লক্ষ্মীপদ দাশ।

এ সময় উপস্থিত ছিলেন বরুমচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসলাম মিয়া, মোহাম্মদ ইব্রাহীম, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, নাজিম উদ্দিন, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য মঈন উদ্দিন মাঈনু, আইয়ুব খান, আবু ছিদ্দিক সিকদার, গিয়াস উদ্দিন মুন্না, নুরখান, সায়মন, আরিফ, সাকিব, জুয়েল, মুহিদ, জাবেদ, নেজাম প্রমুখ।

উদ্বোধনী দিনে টুর্নামেন্টের প্রথম খেলায় অংশ নেয় বরুমছড়া ১ নম্বর ওয়ার্ড বনাম ৪ নম্বর ওয়ার্ড। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের সাবলীল ও আক্রমণাত্মক ফুটবলে গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শকের মাঝে দারুণ উত্তেজনার সৃষ্টি হয়। টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ পর্যন্ত ১ নম্বর ওয়ার্ড ১-০ গোলে ৪ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে টুর্নামেন্টে শুভসূচনা করে।

খেলায় প্রধান অতিথি আশরাফ উদ্দিন সিকদার বলেন, “মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে রক্ষা করার সবচেয়ে বড় হাতিয়ার হলো খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা। এ ধরনের আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রতিষ্ঠিত ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এবং সারাদেশে প্রাইম মিনিস্টার গোল্ডকাপের আয়োজন করেছেন।