আনোয়ারায় সাংবাদিকদের সঙ্গে আইডিয়াল স্কুলের মতবিনিময়

আনোয়ারা উপজেলার শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আনোয়ারা সদরস্থ আনোয়ারা সিটি সেন্টারে আনোয়ারা আইডিয়াল স্কুল তাদের শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে বিদ্যালয়ের মিলনায়তনে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে ও আনোয়ারা সমাজকল্যাণ সংস্থার সেক্রেটারি প্রকৌশলী মোহাম্মদ হাবিবুল্লাহর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল হোসেন, ডাক্তার জুনায়েদ চৌধুরী, সাংবাদিক এম আনোয়ারুল হক, অধ্যাপক আবদুল গফুর, এস এম ফাহিম উদ্দিন, কলিম উল্লাহ, অ্যাডভোকেট মোহাম্মদ কায়সার প্রমুখ।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের মেধা, মনন, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে সমাজের দায়বদ্ধতা থেকেই এ প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ, পাঠদান পদ্ধতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিতকরণ ও মূল্যবান মতামত গ্রহণের উদ্দেশ্যেই এই মতবিনিময় ও প্রেস ব্রিফিংয়ের আয়োজন। প্রতিষ্ঠানটি গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবার সহযোগিতা কামনা করছি।
মতবিনিময় সভায় সিটি সেন্টারের মালিক জাহাঙ্গীর আলমসহ বিপুলসংখ্যক স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।











