আনোয়ারায় শিশু অপহরণের অভিযোগে যুবক আটক, পুলিশে সোপর্দ

আনোয়ারায় মো. মিসকাত (৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় আবদুর রাজ্জাক শেখ (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যায়েদ বিন আরকম হেফজখানা ও এতিমখানার সামনে এ ঘটনা ঘটে।
শিশু মিসকাত ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির নূরানী বিভাগের শিক্ষার্থী। সে স্থানীয় বরুমচড়া ১ নম্বর ওয়ার্ডের মো. জমির উদ্দিনের ছেলে। অভিযুক্ত রাজ্জাক শেখের এনআইডি কার্ডের তথ্যমতে, সে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর বন্দর এলাকার কালা মিয়া শেখের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবু জাফর চৌধুরী মিজান বলেন, “দুপুর ১২টায় মাদ্রাসার টিফিন ছুটির সময় ওই শিশুটিকে অভিযুক্ত ব্যক্তি কোলে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন তাকে আটক করে। তার কাছ থেকে একটি এনআইডি কার্ড ও এক ব্যক্তির মোবাইল নম্বর পাওয়া যায়। ওই নম্বরে ফোন করলে অপর প্রান্ত থেকে জানানো হয় রাজ্জাক শেখ নামের এই ব্যক্তি আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে। পরে আমরা তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করি।”
ভুক্তভোগী শিশুর চাচা সাহাব উদ্দিন বলেন, “আমার ভাতিজাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা হয়েছে। মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে কথা বলে আমরা আইনি ব্যবস্থা নেব।”
আনোয়ারা থানার উপপুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক পর্যবেক্ষণে লোকটিকে মানসিকভাবে কিছুটা অসুস্থ মনে হচ্ছে। ভুক্তভোগী শিশুর অভিভাবকের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











