আনোয়ারায় মাদকবিরোধী আন্তওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট শুরু

যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলামুখী করার লক্ষ্যে আনোয়ারায় মাদকবিরোধী আন্তওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
স্থানীয় সমাজসেবক আরিফ মহিউদ্দিন সিকদারের পৃষ্ঠপোষকতায় ও বরুমচড়া যুবসমাজের আয়োজিত টুর্নামেন্টে সভাপতিত্ব করেন সমাজসেবক বদিউল আলম।
উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি ছিলেন বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জাফর-আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফ উদ্দিন সিকদার। ম্যাচের উদ্বোধন করেন হৃদরোগ বিশেষজ্ঞ লক্ষ্মীপদ দাশ।
এ সময় উপস্থিত ছিলেন বরুমচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসলাম মিয়া, মোহাম্মদ ইব্রাহীম, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, নাজিম উদ্দিন, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য মঈন উদ্দিন মাঈনু, আইয়ুব খান, আবু ছিদ্দিক সিকদার, গিয়াস উদ্দিন মুন্না, নুরখান, সায়মন, আরিফ, সাকিব, জুয়েল, মুহিদ, জাবেদ, নেজাম প্রমুখ।
উদ্বোধনী দিনে টুর্নামেন্টের প্রথম খেলায় অংশ নেয় বরুমছড়া ১ নম্বর ওয়ার্ড বনাম ৪ নম্বর ওয়ার্ড। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের সাবলীল ও আক্রমণাত্মক ফুটবলে গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শকের মাঝে দারুণ উত্তেজনার সৃষ্টি হয়। টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ পর্যন্ত ১ নম্বর ওয়ার্ড ১-০ গোলে ৪ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে টুর্নামেন্টে শুভসূচনা করে।
খেলায় প্রধান অতিথি আশরাফ উদ্দিন সিকদার বলেন, “মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে রক্ষা করার সবচেয়ে বড় হাতিয়ার হলো খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা। এ ধরনের আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রতিষ্ঠিত ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এবং সারাদেশে প্রাইম মিনিস্টার গোল্ডকাপের আয়োজন করেছেন।











