অস্ত্রবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বিচারপতি ফয়জীর

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে আয়োজিত আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও মিডিয়া সেলের নির্বাহী সদস্য বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী বলেছেন, অস্ত্রবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শনিবার(২৩মে) বিকেলে আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজিমপুর স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারপতি ফয়জী বলেন, অতীতে যারা অস্ত্রের রাজনীতি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এখন স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তাদের প্রকাশ্যে সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। অতীতের ভুল স্বীকার করেই সমাজে পুনর্বাসিত হওয়ার সুযোগ তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, অস্ত্রবাজদের আশ্রয়-প্রশ্রয় দিলে সমাজে অস্থিরতা ও অপরাধ বাড়বে। তাই পরিবার, সমাজ ও স্থানীয় নেতৃত্বকে সমন্বিতভাবে এদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
তরুণদের অপরাধ ও সন্ত্রাস থেকে দূরে রাখতে শিক্ষা, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মানবিক ও শৃঙ্খলাবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ফুটবল টুর্নামেন্ট আয়োজনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি ফটিকছড়ি জুড়ে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। সংবর্ধিত অতিথি ছিলেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান। সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল আজম।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী, এস এম আবু মুনসুর, জালাল চৌধুরী, জামাল উদ্দিন, নুরুল আমিন সোহেল, টুর্নামেন্ট আয়োজন কমিটির সভাপতি মোহাম্মদ জাহেদুল আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ কামরুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








