৫৮ বছর পর খতিবের সম্মানজনক বিদায়, আমৃত্যু পাবেন সম্মাননী

কক্সবাজার ফায়ার সার্ভিস মসজিদে ইমাম ও খতিব হিসেবে প্রায় ৫৮ বছর দায়িত্ব পালনের পর অবসরে গেলেন মাওলানা অহিদুল আলম। তিনি দীর্ঘ সময় ধরে আল্লাহর ঘরের সেবা করেছেন। জীবনের বেশিরভাগ সময় মসজিদে কাটিয়ে পৌঁছেছেন বার্ধক্যে। অবশেষে বিদায়বেলায় পেয়েছেন নগদ ২ লাখ (লক্ষ) টাকাসহ বিরল সম্মাননা। এ ছাড়া তিনি আমৃত্যু পাবেন বেতনের অর্ধেক টাকা।
গত ১৩ মে রাতে অবসরপ্রাপ্ত খতিব মাওলানা অহিদুল আলমকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দিয়েছে মসজিদের পরিচালনা কমিটি। দেওয়া হয়েছে সম্মাননা ক্রেস্ট।
এ সময় কমিটির সভাপতি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কক্সবাজারের উপপরিচালক এস এম মোর্শেদ, সহসভাপতি ও সাবেক কমিশনার আবু জাফর ছিদ্দিকী, সহসম্পাদক ও সাংবাদিক মোর্শেদুর রহমান খোকন, নির্বাহী কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরওয়ার রোমন এবং ব্যবসায়ী মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
এর আগে খতিব মাওলানা অহিদুল আলম অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিলে পরিচালনা কমিটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং নতুন খতিব নিয়োগের পরীক্ষা গ্রহণ করে।
উল্লেখ্য, মাওলানা অহিদুল আলম ১৯৬৮ সালে কক্সবাজার ফায়ার সার্ভিস জামে মসজিদে ইমাম হিসেবে যোগদান করেন। পরবর্তীতে খতিব হিসেবে পদোন্নতি পান।
অবসর গ্রহণকালে বিরল এই সম্মাননা প্রদানের জন্য মসজিদ পরিচালনা কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাওলানা অহিদুল আলম। একজন ইমামের অবসরজনিত বিদায়কালে এমন সম্মানজনক দৃষ্টান্তের জন্য মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক ইমাম খাইর।







