স্মৃতিসৌধে আইনজীবীদের শ্রদ্ধাঞ্জলি, আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যয়

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী চৌধুরী এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের আহ্বায়ক তারিক আহমেদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আদালত প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মোহাম্মদ হাসান আলী চৌধুরী বলেন, “স্বাধীনতা রক্ষা ও সমুন্নত রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে শক্তিশালী করতে আইনজীবী সমাজকে সর্বদা সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নিতে হবে।”
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক তারিক আহমেদ তাঁর বক্তব্যে স্বাধীনতার ঘোষণায় চট্টগ্রামের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।”
অনুষ্ঠানে দুই সংগঠনের বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।










