সেনাবাহিনীর সহায়তায় নিজ ভিটেয় ফিরল কেএনএফ আতঙ্কে ঘরছাড়া ৫ ম্রো পরিবার

বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আতঙ্ক, নির্যাতন ও নিরাপত্তাহীনতার কারণে দীর্ঘদিন ধরে ঘরছাড়া থাকা ম্রো সম্প্রদায়ের আরও পাঁচটি পরিবার অবশেষে নিজ বসতভিটায় ফিরেছে। শনিবার (১৬ মে) বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় তারা আনন্দঘন পরিবেশে নিজ গ্রামে ফিরে আসে।
জানা গেছে, ২০২৩ সালের মে মাসে কেএনএফের তৎপরতা ও ভয়ভীতির কারণে পরিবারগুলো এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। সম্প্রতি বান্দরবানের পাইন্দু পাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় পাঁচটি পরিবারের ২২ সদস্য নিজ গ্রামে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
দীর্ঘদিন পর ঘরে ফেরা পরিবারগুলোর পুনর্বাসন ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে প্রত্যাবর্তনকারী প্রতিটি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সহায়তার মধ্যে ছিল ৫০ কেজি চাল, ১০ কেজি ডাল, ৫ কেজি তেল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু এবং ৫ কেজি লবণ।
নিজেদের ভিটেমাটিতে ফিরে আসতে পেরে ম্রো পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা নিরাপদ পরিবেশ নিশ্চিত করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকাকে সন্ত্রাস, আতঙ্ক ও চাঁদাবাজিমুক্ত রেখে স্থানীয় জনগণের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান, নিরাপত্তা তৎপরতা ও মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









