সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ
লোহাগাড়ায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে সামাজিক বনায়নের অংশীদার ৮০ জন উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) উপজেলার চুনতি অভয়ারণ্য রেঞ্জ কার্যালয়ের অডিটোরিয়াম হল রুমে এ চেক বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিছুজ্জামান শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী বস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মুহাম্মদ ইয়াছিন নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান ও চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্বাস উদ্দিন। এ সময় ডুলহাজারা সাফারি পার্কের ইনচার্জ মনজুর আলম, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরপদার, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৮০ জন উপকারভোগীর মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়। অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে লভ্যাংশের চেক তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু নাছের মুহাম্মদ ইয়াছিন নেওয়াজ বলেন, সামাজিক বনায়ন শুধু পরিবেশ রক্ষায় নয়, স্থানীয় জনগণের আর্থ সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বন সংরক্ষণে জনগণের সম্পৃক্ততা বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বন ও বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।






