সাতকানিয়ায় ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

চট্টগ্রামের সাতকানিয়ায় ক্রয়কৃত ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জীবনের নিরাপত্তা চেয়ে ও প্রতিকার নিশ্চিত করতে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সাতকানিয়া সদরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য আবদুল ওয়াহেদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল ওয়াহেদ জানান, ২০১৪ সালে তারা হরি শংকর গুপ্তের কাছ থেকে ৫৬ শতক নাল জমি ক্রয় করেন। এরপর নিয়ম অনুযায়ী নামজারি খতিয়ান সম্পন্ন করে দীর্ঘদিন ধরে জমিটি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু গত ১০ জানুয়ারি সকালে স্থানীয় মৃত আব্বাস উদ্দিনের ছেলে নাছির উদ্দীন ওরফে শাহজাহান ২০-২৫ জন লোক নিয়ে ওই জমিতে অনধিকার প্রবেশ করেন। তারা সেখানে জোরপূর্বক সাইনবোর্ড স্থাপন করে জমিটি দখলের চেষ্টা চালান।
ভুক্তভোগীরা জানান, দখলচেষ্টায় বাধা দিতে গেলে শাহজাহান ও তার সহযোগীরা তাদের প্রাণনাশের হুমকি দেয়। এ সময় ধস্তাধস্তিতে পরিবারের সদস্য ওয়াজেদ আলী আহত হন। দখলচেষ্টা ও হুমকির ঘটনার প্রতিকার চেয়ে গত ১৮ জানুয়ারি সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারটি। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওয়াজেদ আলী, আবদুল আলম, আবদুল গফুর, আবদু রহিম, রেজিয়া বেগম ও রৌশন আকতারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।









