সাতকানিয়ায় ইটভাটার চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন ৩ লাখ টাকা অর্থদণ্ড

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পরিবেশ দূষণকারী ও লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। রবিবার (২৬ এপ্রিল) দিনব্যাপী উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দুটি ইটভাটাকে জরিমানা ও একটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনা হয়।
মেসার্স মা ব্রিকস (M.B.F): সরকারি নিয়ম অমান্য করে কার্যক্রম পরিচালনার দায়ে এই ভাটার মালিক নিবারণ দেবনাথকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।মেসার্স খাজা থ্রী (K.B-3): মালিক মো. শাহ আলমের মালিকানাধীন এই ইটভাটাটিতে অভিযান চালিয়ে একটি বয়লার মেশিন জব্দ করা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে আগুন নিভিয়ে ভাটার চুল্লিটি সম্পূর্ণ ভেঙে অকার্যকর করে দেওয়া হয়েছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সাতকানিয়া ক্যাম্পের সদস্য এবং আনসার সদস্যরা মোতায়েন ছিলেন। কারিগরি সহযোগিতায় অংশ নেয় সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। এছাড়া লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। জনস্বার্থ ও প্রকৃতি রক্ষায় এই ধরণের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট আগামীতেও অব্যাহত থাকবে।






