সাতকানিয়ায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী: বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

অতি সম্প্রতি ঘটে যাওয়া আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল ,, ১৫
জুলাই বুধবার সাতকানিয়ার কলেজে দিনব্যাপী এক বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়ার উদ্যোগে এই মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।
দিনব্যাপী চলমান এই মেডিকেল ক্যাম্পেইনে বন্যা কবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এ সময় পানি বাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে ঝুঁকিপূর্ণ
এলাকার বাসিন্দাদের মাঝে ১,০০০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ১,০০০ প্যাকেট খাবার স্যালাইন সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়।
সেনাবাহিনীর এই বিশেষ মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা দিতে উপস্থিত ছিলেন পাঁচজন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি দক্ষ মেডিকেল টিম। তারা দিনভর রোগীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার পরীক্ষা-নিরীক্ষা করেন এবং ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিনামূল্যে বিতরণ করেন।
সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পরবর্তী সময়ে রোগব্যাধির প্রকোপ কমাতে এবং দুস্থ মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়ার পক্ষ থেকে জানানো হয়, বন্যা কবলিত মানুষের কল্যাণে এই মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য বন্যা দুর্গত এলাকাগুলোতেও এই ধরণের বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের।
সেনাবাহিনীর এই তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও চিকিৎসা নিতে আসা বন্যার্ত সাধারণ মানুষ।






