সাতকানিয়া নকল পানীয় উৎপাদনের দায়ে দুটি কারখানায় দুই লাখ টাকা জরিমানা

সাতকানিয়ায় ভেজাল ও নকল পানীয় উৎপাদনের অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
(গতকাল ৭ মে) বৃহস্পতিবার বিপুল পরিমাণ নকল ড্রিংকস জব্দ ও ধ্বংস করা হয়। একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
, বাজারে পরিচিত একটি জনপ্রিয় কোম্পানির পানীয়ের সঙ্গে মিল রেখে একই রঙ, একই ধরনের বোতল ও হুবহু লেবেল ব্যবহার করে এসব ড্রিংকস তৈরি করা হচ্ছিল। তবে বাস্তবে এগুলো ছিল সম্পূর্ণ নকল ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।
উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাতকানিয়ার আলিফ আইসক্রিম ফ্যাক্টরি ও নাহিয়ান আইসবার নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে খাবারের অনুপযোগী রঙ ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে পানীয় তৈরি করা হচ্ছিল। এছাড়া পানীয় মিষ্টি করতে ব্যবহার করা হচ্ছিল স্যাকারিন।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। তিনি জানান, কারখানায় ব্যবহৃত রঙ খাবারের জন্য অনুমোদিত নয়; এটি মূলত কাপড়ে ব্যবহার করা হয়। বিষয়টি দেখে তিনি বিস্মিত ও হতবাক হন।
তিনি আরও বলেন, “আমরা কারখানার ম্যানেজার ও কর্মচারীদের তাদের তৈরি ড্রিংকস পান করতে বললে তারা আপত্তি করেন। এতে বোঝা যায়, তারাও জানতেন এসব পানীয় মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।”
ইউএনও বলেন, বিশেষ করে শিশুরা এসব নকল ড্রিংকস পান করছে এ বিষয়টি তাকে ব্যথিত করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে জরিমানা করেন এবং কারখানায় থাকা ভেজাল পানীয় ধ্বংসের নির্দেশ দেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের ভেজাল খাদ্য ও পানীয় উৎপাদনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।






