সাঙ্গুর খবরের জেরে লামায় ৫ ইটভাটায় ১০ লাখ টাকা জরিমানা

দৈনিক সাঙ্গুতে সংবাদ প্রকাশের জেরে বান্দরবানের লামার ফাইতং ইউনিয়নে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানে লাইসেন্সবিহীন ও অবৈধভাবে ইট প্রস্তুতের দায়ে মেসার্স এমএইচবি ব্রিকস, এফএসি ব্রিকস, এসবিডব্লিউ ব্রিকস, থ্রিবিএম ব্রিকস এবং এমএমবি ব্রিকসকে ২ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়। লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়েত আহমেদ এই অভিযানে নেতৃত্ব দেন।
পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে ফাইতং পুলিশ ফাঁড়ি ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়েত আহমেদ জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় এই অভিযান চালানো হয়েছে। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।









