সরকার সব সময় সাধারন মানুষের কল্যানে কাজ করছেন- পটিয়ায় এনামুল হক এনাম এমপি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের পটিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, বিএনপি নেতা বদরুল খায়ের চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি, তৌহিদুল আলম, গাজী মোহাম্মদ ইদ্রিসসহ পটিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক এনাম বলেন, “বর্তমান সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় কিংবা যেকোনো সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। কোনো দরিদ্র মানুষ যেন খাদ্য সংকটে না থাকে, সে লক্ষ্যেই সরকার নিয়মিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও পটিয়ার মানুষের উন্নয়ন ও কল্যাণে সকল ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপকারভোগীরা সরকারের এ মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।






