সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান আমীর খসরুর

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বৈষম্যহীন ও স্থিতিশীল দেশ গড়তে হলে সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শ ও দর্শনকে ধারণ করেই আগামীর শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণ করা হবে।
আজ শুক্রবার (০২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের চকবাজারস্থ প্যারেড মাঠে বৌদ্ধ ধর্মীয় গুরু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। সব ধর্মের মানুষকে নিয়ে সহাবস্থানের যে দর্শন তিনি শিখিয়ে গেছেন, তা আমাদের অনুকরণ ও অনুসরণ করতে হবে। তাঁর অভাব আজ দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বের মানুষ অনুভব করছে।"
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সামাজিক অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, "দীর্ঘদিন ধরে দেশে অস্থিরতা চলছে। মানুষের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ কমে গেছে। অন্যের মতামতের প্রতি সম্মান জানানোর সংস্কৃতি আমরা প্রায় ভুলে গেছি। মানুষের কল্যাণে শান্তি ফিরিয়ে আনতে হলে আমাদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে।"
উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। উন্নয়নের সুফল প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাষ্ট্র গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।"
অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা এবং বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










