সংরক্ষিত নারী সংসদ সদস্যের সঙ্গে বিটিএসডব্লিউএফ’র (BTSWF) সৌজন্য সাক্ষাৎ

পার্বত্য এলাকার উন্নয়ন ও নারী ক্ষমতায়ন বিষয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরামের (বিটিএসডব্লিউএফ) কেন্দ্রীয় ও বিভিন্ন অঞ্চল কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১২ মে) সংসদ সদস্যের ব্যক্তিগত বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি তঞ্চঙ্গ্যা শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, আবাসন সুবিধা, হোস্টেল সংকট এবং পার্বত্য অঞ্চলে শিক্ষার মানোন্নয়নে সংগঠনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিতনময় তঞ্চঙ্গ্যা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি অঞ্চল কমিটির সভাপতি বিমল তঞ্চঙ্গ্যা, বান্দরবান অঞ্চল কমিটির সভাপতি শিমুল তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি অঞ্চল কমিটির সভাপতি সুজন কুমার তঞ্চঙ্গ্যাসহ কেন্দ্রীয় ও বিভিন্ন অঞ্চল কমিটির নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে পার্বত্য অঞ্চলের তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরা হয়। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা সংগঠনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং পার্বত্য অঞ্চলের উন্নয়নে একযোগে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, “পার্বত্য অঞ্চলের নারীদের ক্ষমতায়ন এবং তরুণ প্রজন্মের মেধা বিকাশে সরকার বদ্ধপরিকর।”
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মাননীয় সংসদ সদস্যের সঙ্গে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সাক্ষাৎ শেষে পার্বত্য অঞ্চলের কৃষ্টি-সংস্কৃতি সংরক্ষণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে সংরক্ষিত নারী সংসদ সদস্যের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন সংগঠনের সদস্যরা। পরে সংক্ষিপ্ত মতবিনিময় সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।









