শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা উপকরণ লুট, উদ্বিগ্ন অভিভাবকরা

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের পোকখালী রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘবদ্ধ চোর চক্রের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিনহাজ উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে চকরিয়া থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে বিদ্যালয়ের অফিস কক্ষ ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। পরে তারা শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন মূল্যবান সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি করে নিয়ে যায়।
প্রধান শিক্ষক মো. মিনহাজ উদ্দিন জানান, চোরেরা একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, সিসিটিভি ক্যামেরা, ইন্টারনেট রাউটার, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ও মূল্যবান সরঞ্জাম নিয়ে গেছে। সকালে বিদ্যালয়ে এসে তিনি চুরির বিষয়টি জানতে পারেন।
তিনি আরও জানান, এ ঘটনায় বিদ্যালয়ের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চুরির ঘটনায় দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়।
আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার ২৩ জুন স্বাক্ষরিত এক পত্রে চকরিয়া থানার অফিসার ইনচার্জকে অভিযোগটি তদন্ত করে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
স্থানীয়রা জানান, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এতে শুধু সরকারি সম্পদের ক্ষতিই হয়নি, বরং শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী, অভিভাবক ও সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







