লোহাগাড়ায় ২ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
লোহাগাড়ায় চেকপোস্টে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতী রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মামুন (২৬) ও মিজানুর রহমান (২৮)। তারা মোটরসাইকেলটির আরোহী ছিলেন।
পুলিশ জানায়, উপজেলার চুনতী জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে চেকপোস্টে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলের বাম পাশের সাইড ব্যাগ স্ট্যান্ডে রাখা একটি রেইনকোটের কালো ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।






