লোহাগাড়ায় হাম-রুবেলা টিকা কার্যক্রম উদ্বোধন
লোহাগাড়ায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় লোহাগাড়া নজুমুন্নিছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, লোহাগাড়ায় মোট ৫০১টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৪৪ হাজার ৪৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। আগামী ১০ মে পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।
ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ইবনে মাসুদ, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মো. সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম প্রমূখ।
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, হাম ও রুবেলা একটি সংক্রামক ও ঝুঁকিপূর্ণ রোগ। শিশুদের সুস্থ রাখতে সময়মতো টিকা প্রদান অত্যন্ত জরুরি। সরকারের এই টিকাদান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মক রোগের ঝুঁকি থেকে রক্ষা করতে পারবো। এজন্য সকল অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।






