লোহাগাড়ায় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

লোহাগাড়ায় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

লোহাগাড়ায় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
ছবি সংগৃহীত।

লোহাগাড়া উপজেলার মজিদার পাড়া সড়কের সংস্কার কাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণের অভিযোগ উঠেছে। তবে কাজ শুরুর পর থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে এমন অভিযোগ স্থানীয়দের।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রায় দেড় কিলোমিটার (১ হাজার ৩৩০ মিটার) দীর্ঘ এই সড়কের উন্নয়ন কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ ৯২ হাজার ৬৬৪ টাকা। এই কাজের দায়িত্ব পান চট্টগ্রামের ঠিকাদারী প্রতিষ্ঠান বেঙ্গল ট্রেডিং এজেন্সী। 

স্থানীয়রা জানান, বছর খানেক আগে সড়কটির উন্নয়ন কাজ শুরু হয়। শুরু থেকেই কাজের অনিয়ম চোখে পড়ে। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের বিভিন্ন অংশে যথাযথভাবে বেস প্রস্তুত না করেই তড়িঘড়ি করে খোয়া বিছানো হয়েছে। ব্যবহৃত খোয়াগুলোও নিম্নমানের বলে অভিযোগ স্থানীয়দের। অনেকেই ধারণা করছেন, এতে ২ নম্বর ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। এছাড়া, বিটুমিনের সঠিক ব্যবহার ছাড়াই কার্পেটিং করা হচ্ছে, ফলে খোয়া আলগা হয়ে পড়ছে। নতুন করে কার্পেটিং করা অংশেও হাত দিয়ে নাড়ালেই খোয়া উঠে আসছে, যা নির্মাণ কাজের গুণগত মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। ঠিকাদারের লোকজন বলছে এগুলো স্বাভাবিক কাজ। কাজের অনিয়ম তুললে ইঞ্জিনিয়ার এসে কাজ বন্ধ করে দেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ ক্ষোভ প্রকাশ করে বলেন, এইভাবে কাজ করলে কয়েক মাসের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাবে। কোটি টাকার কাজের এই অবস্থা হলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে। ঠিকাদার দ্রুত কাজ শেষ করার তাড়াহুড়োয় মানের বিষয়টি উপেক্ষা করছেন। কাজের মান যাচাই করে বিহীত ব্যবস্থা নেওয়ার দাবী জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল ছবুর বলেন, কাজের শুরু থেকেই তদারকির ঘাটতি ছিল। নিয়ম অনুযায়ী প্রতিটি ধাপে প্রকৌশলীদের উপস্থিতি ও নজরদারি থাকার কথা থাকলেও বাস্তবে তা দেখা যায়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নিজেদের মতো করে কাজ পরিচালনা করেছে। নিম্নমানের ইটের খোয়া ও বিটুমিন ব্যবহার করা হয়েছে। এমনকি বালু ও ময়লার ওপর কার্পেটিং কাজ শুরু করা হয়েছে। এলাকাবাসীর প্রতিবাদের মুখে ঠিকাদার কাজ বন্ধ রাখতে বাধ্য হন।

উপজেলা এলজিইডি প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ বলেন, মজিদার পাড়া সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে কাজ বন্ধ রাখা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাজের গুণগত মান সন্তোষজনক না হওয়ায় আপাতত কাজ স্থগিত রাখা হয়েছে। ঠিকাদারকে মান ঠিক রেখে পুনরায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। মান নিশ্চিত না হলে কোনো বিল পরিশোধ করা হবে না। 
 




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।