লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩, আহত ৫
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বৌদ্ধ ভিক্ষু আগার দায়মা (২৫), সাচিং মারমা (২৪) এবং মাইক্রোবাসের অজ্ঞাতনামা চালক।
আহতরা হলেন- বৌদ্ধ ভিক্ষু ইন্দ্রাসারা ভিক্ষু (৪৮), নিয়া থিয়া (২৫), আম্রা মারমা (২৮), চায়না প্রু মারমা (৩২) ও চাথুয়া প্রু মারমা (৩৪)। তারা সবাই খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে টানা বৃষ্টিপাতে মহাসড়ক পিচ্ছিল হয়ে পড়লে চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ভিক্ষু ইন্দ্রাসারা ভিক্ষু জানান, গত রোববার ৫ জন ভিক্ষুসহ মোট ৭ জন মাইক্রোবাসে করে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার ফেরার পথে চুনতি এলাকায় পৌঁছালে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ে। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মী ও চুনতি পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন।
দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার ও সুরতহাল সম্পন্ন করেছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।






