লোহাগাড়ায় বটতলী বাজারের ইজারা বাতিল ও শেড নির্মাণ দাবিতে মানববন্ধন
লোহাগাড়ার বটতলী বাজারের ১৪৩৩ সনের ইজারা বাতিল ও বাজারের জায়গা নির্ধারণ করে স্থায়ী শেড নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বটতলী বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার বটতলির ব্যবসায়ী ও শহর পরিচালনা কমিটির যৌথ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ইজরা বাতিল করে দ্রুত সময়ের মধ্যে বাজারে শেড নির্মাণের দাবি জানান।
মুহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন বটতলি শহর পরিচালনা কমিটির সদস্য সচিব ও ব্যবসায়ী মো. সরওয়ার আক্তার। এসময় তিনি বলেন- দীর্ঘদিন ধরে বটতলী বাজার থেকে সরকার রাজস্ব আদায় করছেন। সরকারি কোন বাজারের জায়গা না থাকা সত্বেও বারাবর ইজরা দিচ্ছে প্রশাসন। নেই কোনো আধুনিক শেড। সড়কের পাশেই রোদ-বৃষ্টি উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। এতে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ই চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
তিনি আরও বলেন, শেড নির্মাণের আগে বাজার ইজারা দেওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আগে বাজারের নির্দিষ্ট জায়গা নির্ধারণকরে শেড নির্মাণ করতে হবে, এরপর বাজার ইজারা দেওয়া উচিত। অন্যথায় বাজার ইজারা দেওয়া অবৈধ বলে দাবি করেন তারা।
তিনি অভিযোগ করেন, বাজারের জায়গার ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা দোকান থেকে অবৈধভাবে ইজারাদাররা ইজারা আদায়ে চাপ প্রয়োগ করছে, যা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। সড়ক বিভাগের জায়গান দোকান বসিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি করেও ইজারার টাকা কালেকশন করা হচ্ছে। মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন।






