লোহাগাড়ায় পিকআপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

লোহাগাড়ায় কক্সবাজারমুখী একটি পিকআপের ধাক্কায় তাহেরা বেগম (৭৪) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পরিবার।
সোমবার (৬ এপ্রিল) রাত ৯টায় লোহাগাড়া উপজেলা পরিষদের ২শ গজ দক্ষিনে চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত তাহেরা বেগম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব বেউলা এলাকার বাসিন্দা আলী আহমদের স্ত্রী। তিনি লোহাগাড়া পোস্ট অফিস সংলগ্ন তার ছেলের ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। পুলিশ এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহতের ছেলে নুরুল হাকিম জানান, আমার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুপুরে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি হাসপাতালে তার লাশ রয়েছে।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহেদ হোসেন বলেন, প্রত্যক্ষদর্শীর ফোনে খবর পেয়ে জানা যায়, কক্সবাজারমুখী একটি পিকআপ গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।






