লোহাগাড়ায় দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, প্রাণ গেল ৪ যাত্রীর
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি বনপুকুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত অর্ধশত যাত্রী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
নিহতরা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার রেহেনা বেগম (৬০), ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুর এলাকার নাইমুর ইসলাম জিহাদ (২১), একই এলাকার মো. নাইম (২১) ও ভোলা জেলার মনির আহমদ (২৬)। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: মু. ইকবাল হোছাইন।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মারছা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মারছা পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রেহেনা বেগম নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত রেহেনা বেগমের স্বামী বদিউল আলম বলেন, সকালে পটিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে মারশা পরিবহনে উঠেছিলাম। দুটি বাসই বেপরোয়া গতিতে চলছিল। তাদের কারণে আমার স্ত্রীকে হারাতে হয়েছে।
প্রত্যক্ষদর্শী নেজাম উদ্দিন বলেন, সংঘর্ষের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে নামেন। আহতদের অনেকেই বাসের ভেতরে আটকা পড়েছিলেন। এদের মধ্যে রেহেনা বেগম ঘটনাস্থলেই মারা যান। বাকি আহতদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই লোহাগাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুর রহমান ছিদ্দিকী, সেনাবাহিনী ও থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।
এসময় তিনি বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালা উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। হতাহতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






