লোহাগাড়ায় গরুর আঘাতে প্রাণ গেল শিক্ষার্থীর
লোহাগাড়ায় গরুর আঘাতে শারাবন তাহুরা নিজুম (১৫) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে লোহাগাড়ার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর আমিরাবাদ মল্লিক ছোবহান নজরআলী সিকদার পাড়া (তেওয়ারীখিল) এলাকার প্রবাসী মাহফুজুর রহমান ও রোকেয়া বেগমের মেয়ে। তিনি পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, কোচিং ক্লাসের পরীক্ষায় অংশ গ্রহনের জন্য বিদ্যালয়ে পৌঁছানোর আগে মূল ফটকে বাজারে বিক্রয়ের জন্য আনা একটি গরু হঠাৎ সজোরে ধাক্কা দেয় নিজুমকে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা রোকেয়া বেগম বলেন, প্রতিদিনের ন্যায় আমার মেয়েটা কোচিং শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আমরা কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল। ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিশোয়ার সাদিয়া বলেন, গরুর ধাক্কায় আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে আনার পরপরই তার মৃত্যু হয়।
লোহাগাড়া থানার এসআই এনায়েত হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






