লামায় হাতির জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে নারীর মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতি তাড়াতে দেওয়া অবৈধ বৈদ্যুতিক ফাঁদে পড়ে রুবি আক্তার (৩৮) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হায়দারনাশী এলাকার গিয়াস উদ্দিনের আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত রুবি আক্তার ওই এলাকার ব্যবসায়ী আব্দুর শুক্কুরের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্য হাতির আক্রমণ থেকে আমবাগান রক্ষা করার জন্য বাগানমালিক গিয়াস উদ্দিন চারদিকে জেনারেটরের মাধ্যমে জিআই তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন। মঙ্গলবার ভোরে অসাবধানতাবশত ওই তারে স্পৃষ্ট হন রুবি আক্তার। স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দিতে এবং আইনি প্রক্রিয়া এড়াতে একটি প্রভাবশালী মহল তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা চালাচ্ছে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।









