লামায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: চালক নিহত, আহত ৫

বান্দরবানের লামায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক জামাল হোসেন (৬০) (প্রকাশ নাগু) নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৪ মে) বিকেলে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা বদুঝিরি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন পাশের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার জিদ্দাবাজার থেকে যাত্রী বোঝাই করে একটি সিএনজিচালিত অটোরিকশা লামা উপজেলার উদ্দেশ্যে রওনা হয়। গাড়িটি বেপরোয়া গতিতে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা বদুরঝিরি এলাকার ‘জীনামেজু অনাথ আশ্রম’ গেটের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে গাড়িটি দুমড়েমুচড়ে যায়।
এতে চালক জামাল হোসেনসহ গাড়িতে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক জামাল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য যাত্রীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
can ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









