লামায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট প্রতিনিধি সম্মেলন

বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লামা উপজেলা শাখার উদ্যোগে ‘ইউনিট প্রতিনিধি সম্মেলন-২০২৬’ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের অধিকার আদায় ও আদর্শিক সমাজ গঠনে সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লামা উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শামশুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ ইসহাক।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,অধ্যাপক ফারুক আহমেদ, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বান্দরবান জেলা।
কাজী মুহাম্মদ ইব্রাহীম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, লামা উপজেলা শাখা।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইসহাক বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের কল্যাণে শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনে লামা উপজেলার প্রতিটি ইউনিটে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে এবং শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে তিনি উপস্থিত প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সৎ ও দক্ষ শ্রমিক সমাজ গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা সম্ভব। তারা স্থানীয় শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে ন্যায়সঙ্গত দাবি আদায়ে সোচ্চার হওয়ার পরামর্শ দেন।
সম্মেলনে লামা উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের ইউনিট প্রতিনিধিরা অংশ নেন। সর্বসম্মতিক্রমে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।









