লামায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

"জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। আলোচনা সভা, বিশেষ দোয়া ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হকের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. শরিফ ও ছাত্রশক্তির আহ্বায়ক আলী হায়দার রাব্বির সূচনা বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম তুহিন, এনসিপি প্রতিনিধি মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রব, সাবেক পৌর মেয়র আমীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী এবং লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মঈন উদ্দিন বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস।" তিনি শহীদদের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত ‘পথ’ (ফিকশন), ‘জুলাই কন্যা’, ‘জুলাইয়ের চিঠি’ ও ‘চক্ষুহীন অঙ্গহীনের কথা’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন লামা মডেল মসজিদের মোয়াজ্জিন হাফেজ মো. ইব্রাহিম।
অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।











