লামায় বেড়েছে চোরের উপদ্রব এক রাতে দুই মোটরসাইকেল চুরি
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

লামায় বেড়েছে চোরের উপদ্রব এক রাতে দুই মোটরসাইকেল চুরি

লামায় বেড়েছে চোরের উপদ্রব এক রাতে দুই মোটরসাইকেল চুরি
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামায় বেড়েছে চোরের উপদ্রব, পৌরসভা এলাকায় গভীর রাতে বসতবাড়িতে তালা কেটে দুইটি মোটরসাইকেল চুরির দুঃসাহসিক ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে পৌরসভার ৪নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া ও লামা বাজার পাড়া এলাকায় এই চুরির ঘটনা ঘটে।

​ভুক্তভোগী মোটরসাইকেল মালিক রুহুল আমিন খন্দকার, তিনি বর্তমানে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন এবং অন্য আরেকটির মালিক উক্যঅং মার্মা, পেশায় একজন শিক্ষক।

​অভিযোগ সূত্রে জানা গেছে, কুটিরশিল্প সংলগ্ন নুরুল ইসলাম খন্দকারের (নলকূপ মেকানিক) বাসায় গভীর রাতে চোরচক্র হানা দেয়। তারা কৌশলে তালা কেটে রুহুল আমিনের ব্যবহৃত Yamaha FZ Version 2 যার রেজিস্ট্রেশন নম্বর: চট্ট মেট্রো ল-২১-৬৪৭৬ মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় চোরচক্র ঘরের তিনটি দরজা বাইরে থেকে আটকে দেয় এবং ঘর থেকে একটি 'দা' বের করে রাস্তায় ফেলে রেখে যায়।

একই সময়ে দুর্বৃত্তরা পাশেই থাকা আরও একটি ১৬৩ সিসির হোন্ডা এক্স-ব্লেড (Honda XBlade) মোটরসাইকেল চুরির চেষ্টা চালায়। তবে দীর্ঘক্ষণ চেষ্টা করেও সেটির লক ভাঙতে না পেরে স্টিয়ারিং বাঁকা করে বাড়ির সামনে ফেলে রেখে যায় তারা।

অপরদিকে লামা পালিঢোল বৌদ্ধ বিহার থেকে নীল রঙের সুজুকি মনোটন (Suzuki Monotone) মোটরসাইকেলটি নিয়ে চম্পট দেয় চোরের দল। চুরি হওয়া বাইকটি চট্ট মেট্রো-ল-২০-০৩৬৩। ভুক্তভোগী শিক্ষক জানান, একমাত্র বাইকটি হারিয়ে তিনি বর্তমানে চরম দুর্ভোগে পড়েছেন।

​এ বিষয়ে রুহুল আমিন খন্দকার বলেন, "আজ সকালে ঘুম থেকে উঠে বের হওয়ার চেষ্টা করলে দেখি বাইরের দিক থেকে দরজা আটকানো। পাশের দুটি রুমের দরজাও একইভাবে বাইরে থেকে আটকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে অন্য একটি দরজা দিয়ে বের হয়ে দেখি আমার মোটরসাইকেলটি নেই। আরেকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত অবস্থায় উঠানে পড়ে আছে।"

সূত্রে আরো জানা যায় বেশ কিছু দিন ধরে লামায় চোরের উপদ্রব বেড়েছে,মোটরসাইকেল,চারটির বেশি বৈদ্যুতিক ট্রাসফার্মার,মেইন তার,পানির মোটর,দোকান ঘরসহ বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনা ঘটছে।
নাম প্রকাশেঅনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে,চোরের আতংকে রাতে ঘুমাতে পারছি না। পরপর চুরির ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এই বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”