লামায় বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা ও ডিগনিটি কিট বিতরণ

বান্দরবানের লামার বন্যা দুর্গত এলাকায় মোবাইল মেডিকেল হেলথ ক্যাম্প ও বন্যায় ক্ষতি গ্রস্তদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় এবং বেসরকারি সংস্থা 'গ্রীন হিল'-এর উদ্যোগে পৌরসভার হরিণঝিরি এলাকার কলাবুনির পাড়ায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে আর্থিক সহায়তা দেয় আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বাংলাদেশ। বন্যা-পরবর্তী সময়ে যাতে কোনো মারাত্মক রোগ ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে এই মোবাইল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। দিনব্যাপী এই ক্যাম্পে শিশু, কিশোরী ও গর্ভবতী মা-বোনসহ ২৫০ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। চিকিৎসা সেবা দেন মেডিকেল অফিসার ডা. সাদিকুর। এ সময় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. কায়সার, সিনিয়র স্টাফ নার্স মো. ইমরান, স্বাস্থ্য পরিদর্শক সমীর বড়ুয়া, এমটিইপিআই মো. মোস্তফা ও গ্রীন হিল-এর মিডওয়াইফরা উপস্থিত ছিলেন। চিকিৎসা সেবার পাশাপাশি কিশোরী ও শিশুদের ইপিআই টিকাদানও করা হয়।
ক্যাম্প থেকে ৫০ জন গর্ভবতী ও দুগ্ধদায়ী মাকে বেবি কিট, বন্যা ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারকে ডিগনিটি কিট এবং ৬০ জন কিশোরীকে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা (MHM) কিট দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন UNFPA-এর প্রোগ্রাম অফিসার (SRHR) মো. জামান, জেলা কর্মকর্তা তিমুথি খেয়াং, জাপানগো এমআরএইচআর জেলা সমন্বয়ক ডা. জনি চাকমা এবং গ্রীন হিল সংস্থার উপজেলা সমন্বয়ক মংশিস্রু মার্মা।
উল্লেখ্য, সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে লামার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগ সংক্রমণের ঝুঁকি তৈরি হওয়ায়, স্বাস্থ্য ঝুঁকি কমাতেই জরুরি ভিত্তিতে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।









