লামায় পাহাড় ধসে ৫ জনের মৃত্যু,সরেজমিনে পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরি

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পাহাড় ধ্বসে নিহত পরিবারের খোঁজখবর নিয়েছেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য (এমপি) সাচিং প্রু জেরি।
১১ জুলাই (শনিবার) সকাল ১১টায় আজিজনগর মিশন পাড়ায় পাহাড় ধ্বসের স্থানটি তিনি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এমপি সাচিং প্রু জেরি নিহতদের স্বজনদের সাথে কথা বলে গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নিহত ২ পরিবারের মাঝে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ টাকার আর্থিক সহায়তা নিজ হাতে তুলে দেন।
আর্থিক সহায়তা প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
এমপি সাচিং প্রু জেরি বলেন,দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমি আজ এই ক্ষতিগ্রস্ত এলাকায় এসেছি এবং তাঁর প্রেরিত আর্থিক সহায়তা নিহতের পরিবারের হাতে তুলে দিয়েছি।প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগকে রুখে দেওয়া সম্ভব নয়, তবে সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ স্থানে থাকা জনগণকে সতর্ক করা হয়েছে।
এরপর তিনি আজিজনগর চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের উত্তর সীমানার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং ভাঙ্গন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সংসদ সদস্য আরও জানান, সরকারের পক্ষ থেকে আজিজনগরের ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের জন্য জরুরি খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। পরে তিনি লামা এবং আলী কদমের বন্যা কবলিত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে রওনা করেন।









