লামায় নারী পর্যটককে ধর্ষণচেষ্টা-ছিনতাই: গ্রেপ্তার ২

বান্দরবানের লামায় একটি রিসোর্টে নারী পর্যটককে ধর্ষণচেষ্টা, মারধর ও ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় রিসোর্ট মালিকসহ গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে তাদের লামার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, এ ঘটনায় দায়ের করা মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার পর লামা থানার এসআই শাকিল আহমেদের নেতৃত্বে বিশেষ অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রধান আসামি রাশেদের কাছ থেকে ভুক্তভোগীর ছিনিয়ে নেওয়া ৮ হাজার ৫০০ টাকা এবং অপর আসামি হৃদয়ের দেওয়া তথ্যে ছিনতাই হওয়া স্বর্ণের কানের দুল উদ্ধার করে জব্দ করেছে পুলিশ।
লামা থানার ওসি কায়ছার হামিদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ জুন লামা পৌরসভার একটি রিসোর্টে দুই নারীসহ কয়েকজন পর্যটক অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্তরা তাদের কক্ষের বাইরে থেকে তালা লাগিয়ে আটকে রাখে। পরে দুই নারীকে টেনেহিঁচড়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং জোরপূর্বক বক্তব্য রেকর্ড করার পাশাপাশি তাদের স্বর্ণালংকার ও সঙ্গে থাকা ব্যক্তিদের নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের সঙ্গে থাকা আবু ছিদ্দিক লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।









