লামায় জীনামেজু কল্যাণ ট্রাস্টের কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
বান্দরবানের লামা উপজেলায় স্থানীয় যুব ও নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ই জুলাই)লামা পৌরসভার ১নং ওয়ার্ড টিটিএন্ডডিসি জেলা পরিষদ গেস্ট হাউস ভবনে এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। ‘উঃ নন্দমালা জীনামেজু কল্যাণ ট্রাস্টের’ অধীনে পরিচালিত এই মহতী উদ্যোগটির সার্বিক আয়োজনে রয়েছে ‘লামা টেকনিক্যাল ইনস্টিটিউট’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে কম্পিউটার শিক্ষার কোনো বিকল্প নেই। একই সাথে নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই প্রশিক্ষণ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। এই পাহাড়ি অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে উঃ নন্দমালা জীনামেজু কল্যাণ ট্রাস্ট ও লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের এই যৌথ প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।
জীনামেজু কল্যাণ ট্রাস্টের পরিচালক উঃ নন্দমালা(ভান্তে)জানান,টিটিএন্ডডিসি জেলা পরিষদ গেস্ট হাউস ভবনটি জেলা পরিষদ থেকে ৫ বছরের জন্য লিজ নিয়ে ‘লামা টেকনিক্যাল ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করেছি,পাহাড়ের বেকার যুবক যুবতীদের কম্পিউটার শিক্ষা এবং নারীদের স্বাবলম্বী করে তুলতে এই কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।









