লামায় এমপির নাম ভাঙ্গিয়ে দেদারসে কাটা হচ্ছে পাহাড়
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে দেদারসে কাটা হচ্ছে পাহাড়

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে দেদারসে কাটা হচ্ছে পাহাড়
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় পরিবেশ আইন তোয়াক্কা না করে আমেরিকান প্রবাসি আওয়ামিলীগের এক প্রভাবশালী নেতার বাগানে দেদারসে কাটা হচ্ছে পাহাড়। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুসা কলিমউল্লাহ কিসলুর বাগানে এস্কেভেটর (মাটি কাটার ভেকু মেশিন) দিয়ে অবৈধভাবে পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। পাহাড় কেটে বিশাল এই এলাকা জুড়ে প্রস্তুত করা হয়েছে যাতায়াতের রাস্তা।

মুসা কলিমউল্লাহ কিসলু বলেন,বাগানের যাতায়াতের জন্য রাস্তা ও মাছের প্রজেক্টের জন্য বাঁধ নির্মাণ করা হচ্ছে। ইটভাটায় অবাধে পাহাড় কাটা হচ্ছে কোন সমস্যা হয়না,তার পাশে থাকা সাবেক যুবদল ও বর্তমান ইউনিয়ন বিএনপি নেতা শাহেদ কে বলেন এমপি (সাচিং প্রু জেরি)কে ফোন লাগাও এতো ঝামেলা মাথায় নিতে পারবো না।

​সরেজমিনে দেখা গেছে, সবুজ পাহাড়ের বুক চিরে স্কেভেটর দিয়ে মাটি উপড়ে ফেলে বিশাল রাস্তা তৈরি করা হয়েছে। পাহাড় কাটার ফলে আশেপাশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। সামান্য বৃষ্টিতেই এই কেটে রাখা পাহাড়ের মাটি ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

​স্থানীয়দের অভিযোগ,পরিবেশ অধিদপ্তরের নিরবতা প্রশ্নবিদ্ধ!কোনো প্রকার প্রশাসনিক অনুমতি ছাড়াই এই পাহাড় কাটার মহোৎসব চালানো হয়েছে। পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এভাবে রাস্তা তৈরি ও বাঁধ নির্মাণ করায় একদিকে যেমন বনায়ন ধ্বংস হচ্ছে, অন্যদিকে জীববৈচিত্র্য চরম সংকটে পড়ছে।

​প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পাহাড় ধসের মতো ভয়াবহ বিপর্যয় এড়াতে এই অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।

উল্লেখ্য যে,১৮ মে দৈনিক সাঙ্গু পত্রিকায় নিউজ প্রকাশের জেরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় পাহাড় কাটার অভিযোগে লোকমান নামে এক ব্যক্তিকে ০৬ মাসের সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।১৯ মে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ মঈন উদ্দিন এই সাজা প্রদান করেন।

লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান,পরিবেশ ধ্বংসকারী পাহাড় কাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে,পরিবেশ ধ্বংসকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”