লামায় দুর্গম অনাথ আশ্রমে ২৪ শিশুর শরীরে হামের উপসর্গ

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম এলাকায় অবস্থিত ‘সাঙ্গু অনাথ সংঘ’-এ ২৪ জন শিক্ষার্থীর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার খবর পাওয়া গেছে। তথ্য পাওয়ার পরপরই আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে লামা উপজেলা স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে, অনাথ আশ্রমের শিশুদের অসুস্থতার খবর পাওয়া মাত্রই লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিমের নির্দেশনায় রবিবার (১০ মে) সকালে একটি বিশেষ মেডিকেল টিম প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধপত্র নিয়ে তাৎক্ষণিকভাবে ওই দুর্গম এলাকায় পৌঁছায়।
মেডিকেল টিমের দায়িত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ কাউসার ইকরাম। টিমের অন্য সদস্যরা হলেন সিনিয়র স্টাফ নার্স মো. ইমরান, স্বাস্থ্য সহকারী রুবেল দাশ, জাহিদ হাসান শাকিল এবং অ্যাম্বুলেন্স চালক মো. লায়েজ আহমেদ ভুঁইয়া।
আশ্রম পরিদর্শনকালে টিমটি আক্রান্ত শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান করে। এ সময় গুরুতর অসুস্থ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা শিশুদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সংক্রমণ রোধে আশ্রম কর্তৃপক্ষকে বিশেষ সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন।
জরুরি সেবা কার্যক্রম চলাকালীন অনাথ সংঘের পরিচালক অংক্য মং মার্মাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে স্বাস্থ্য টিমকে সহযোগিতা করেন। স্থানীয়দের সহায়তায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো বিষয়ের ওপর স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, "খবর পাওয়া মাত্রই আমরা মেডিকেল টিম পাঠিয়েছি। আক্রান্ত শিশুদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা অসুস্থ শিশুদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং হামের সংক্রমণ রোধে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।"









