লামায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ, দুপুর পর্যন্ত কাস্ট ৪২ শতাংশ

বান্দরবানের লামা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ বিষয়ক গণভোটের ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোট উৎসবে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ৪২ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে।
লামা উপজেলার ৪২টি কেন্দ্রের ২২৩টি বুথে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে ৪০টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারের নির্বাচনে সাধারণ ব্যালটের পাশাপাশি ‘জুলাই সনদ’-এর ওপর ‘হ্যাঁ/না’ গণভোটে অংশ নিচ্ছেন ৮৭ হাজার ৫৫৪ জন ভোটার।
বান্দরবান ৩০০ নম্বর আসনে মূলত চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাচিং প্রুজেরী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবুল কালাম আজাদ (হাতপাখা), জাতীয় নাগরিক পার্টির আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দীন (শাপলা কলি) এবং জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ (লাঙ্গল)।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দিন বলেন, “অতীতের অভিজ্ঞতার নিরিখে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের রায় প্রদান করছেন।”









