লক্ষ্মীছড়িতে ইউএনও হিসেবে যোগদান করলেন মো. রিফাতুল ইসলাম

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. রিফাতুল ইসলাম। গত সোমবার তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। আজ ৪ আগস্ট মঙ্গলবার সকালে মো. রিফাতুল ইসলাম লক্ষ্মীছড়ি উপজেলায় পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীরা।
পরে উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন নবাগত ইউএনও। একে একে পরিচিত হন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে।
যোগদানের প্রথম দিনটি কর্মব্যস্ততায় কাটে নবাগত ইউএনও-র। জানা গেছে, ছোট ছোট বৈঠক করার পাশাপাশি ফ্যামিলি কার্ড জরিপের সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারী নিয়োগের মৌখিক পরীক্ষা বোর্ডে তাঁর বেশিরভাগ সময় কাটে। মো. রিফাতুল ইসলাম এর আগে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
জানা গেছে, তিনি ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। নবাগত মো. রিফাতুল ইসলামের জন্ম মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যাসন্তানের জনক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করে ৩৭তম বিসিএসের মাধ্যমে রাজশাহীতে প্রথম চাকরিতে যোগদান করেন।
উল্লেখ্য, লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ গত ২০ জুলাই ফেনী জেলার ফুলগাজী উপজেলায় বদলি হন। মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া এতদিন লক্ষ্মীছড়ি উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।











