রামুর গর্জনিয়া বাজারে অবৈধ দখলের অভিযোগ
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজারে কৃষিপণ্য সংরক্ষণ ও বিক্রয়ের জন্য নির্মিত গ্রুপসেট গুলো দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকার অভিযোগ উঠেছে। ফলে প্রকৃত কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এসব স্থাপনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে স্থানীয়দের দাবি।
স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব আবু শাহমা ও কৃষক আব্দুল মান্নান জানান কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণ, প্রদর্শন ও বিক্রয়ের সুবিধার্থে নির্মিত গ্রুপসেটগুলো বর্তমানে কিছু ব্যক্তি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ব্যবহার করছেন। সে কারণে সড়কে বসে কৃষি পূণ্য বিক্রি করতে গিয়ে অনক সময় আইনশৃঙ্খলা বাহিনী কোন জরুরী অপারেশন গেলে লাঠি পেটানো খেতে হয় কৃষকদের। এতে সরকারি উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের জন্য নির্ধারিত সুযোগ-সুবিধাও বঞ্চিত হয়ে পড়েছে।
এ বিষয়ে স্থানীয় কৃষক মোস্তাক আহাম্মদ, ব্যবসায়ী জাহাঙ্গীর আলমসহ সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবৈধ দখলমুক্ত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, সরকারি সম্পদ সকলের স্বার্থে ব্যবহার নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিষয়টি নিয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমান বলেন, “গর্জনিয়া বাজারের কৃষিপণ্য সংরক্ষণ ও বিক্রয়ের জন্য নির্মিত গ্রুপসেটগুলো যদি অবৈধভাবে দখল হয়ে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি সম্পত্তি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকার সুযোগ নেই। কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
তিনি আরও জানান, অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সরকারি স্থাপনাগুলো তাদের নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হবে।







