রামুর উখিয়ারঘোনায় খাল খননের উদ্ভোধন করেন এমপি লুৎফর রহমান কাজল

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার। একযোগে দেশের ৫৪টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশব্যাপী এই উদ্যোগে ২০ হাজার কিলোমিটার খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক কক্সবাজার এর রামু উপজেলার উখিয়ারঘোনায় খাল খননের উদ্ভোধন করেছেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, সামান্য বৃষ্টিতেই রামুর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। খাল দখল ও বর্জ্য ফেলে ভরাট হয়ে যাওয়াই এর অন্যতম প্রধান কারণ, এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে খাল পুনরুদ্ধার ও পুনঃখনন কার্যক্রম জরুরি। একই সঙ্গে খাল পরিষ্কার রাখতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সোমবার (১৬ মার্চ) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার জেলা প্রশাসক আবদুল মান্নান এর সভাপতিত্বে ও রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার এ. এন. এম সাজেদুর রহমান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ-প্রধান প্রকৌশলী মোঃ সরোয়ার মাওলা, কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক, চট্টগ্রাম কৃষি উন্নয়ন কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন ভূইয়া, কক্সবাজার কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ কামরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) স্বরুপ মুহুরী, রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলমসহ প্রমুখ।
সসভাপতির বক্তব্য জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ এবং কৃষির জন্য পানির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে খরার সময় খালের পানি সেচে ব্যবহার করা গেলে কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে। খাল খননের ফলে প্রায় তিন মিটার গভীরতা তৈরি হবে। এতে একদিকে সেচ সুবিধা বাড়বে, অন্যদিকে মাছের অভয়ারণ্য গড়ে তোলাও সম্ভব হবে। ফলে কৃষি ও মৎস্য উভয় খাতেই ইতিবাচক প্রভাব পড়বে এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।এ সময় তিনি বলেন, খাল পরিষ্কার ও পুনঃখননের উদ্যোগ টেকসই করতে হলে খালে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে এবং খাল দখলমুক্ত রাখতে সবাইকে সচেতন থাকার আহবান জানান।







