রামগড়ে ক্ষতিগ্রস্ত ১৬৪ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৬৪টি পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৩ জুলাই) পাতাছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে ১৫০টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে মোট ৩ মেট্রিক টন চাল দেওয়া হয়। এছাড়া ১৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনো খাবারের বিশেষ প্যাকেজ তুলে দেওয়া হয়।
প্রতিটি শুকনো খাবারের প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি চিনি, আধা কেজি মুড়ি, ১ লিটার সয়াবিন তেল, ৬টি মোমবাতি, ২টি দিয়াশলাই, বড় আকারের ২ প্যাকেট বিস্কিট, ২ প্যাকেট খাবার স্যালাইন এবং ব্যবহারবিধিসহ ১০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১৫৪টি পরিবারকে ২০ কেজি করে চাল এবং ১২৭টি পরিবারকে শুকনো খাবারের প্যাকেজ বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে ২৮১টি পরিবারকে ত্রাণ সহায়তার আওতায় আনা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে উপজেলা প্রশাসনের এ ত্রাণ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. শামীম, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, ২ নম্বর পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীরসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।









